This article is in Bengali.এই লেখাটি বাংলায়।यह लेख बांग्ला में है। Also available in:অন্য ভাষায়:अन्य भाषाओं में: English · हिंदी
মাঝে মাঝে মন খারাপ সবারই হয়। কিন্তু যখন মন ভার হয়ে থাকা বা কোনো কিছুতে উৎসাহ না পাওয়া দিনের বেশিরভাগ সময়, অন্তত দু’সপ্তাহ ধরে চলে এবং কাজ, পড়াশোনা বা সংসার সামলাতে অসুবিধা হয়, তখন সেটা ডিপ্রেশন বা বিষণ্ণতা রোগ হতে পারে। এটা দুর্বলতা বা "মন শক্ত না হওয়া" নয়; এটা একটা চিকিৎসাযোগ্য অসুখ।
মূল কথা
- ডিপ্রেশন শুধু মনের নয়, ঘুম, খিদে, শক্তি আর চিন্তাশক্তিকেও প্রভাবিত করে।
- কোনো দুঃখজনক ঘটনার পরে হতে পারে, আবার কোনো কারণ ছাড়াও হতে পারে।
- হালকা ডিপ্রেশনে কাউন্সেলিং ও জীবনযাত্রার পরিবর্তন অনেক সময় যথেষ্ট; মাঝারি বা তীব্র হলে ওষুধও লাগে।
- বেঁচে থাকার ইচ্ছা চলে যাওয়ার চিন্তা লুকিয়ে রাখবেন না; বলুন, সাহায্য আছে।
কীভাবে বুঝবেন
- সারাদিন মন ভার, খালি খালি লাগা, বা কারণ ছাড়াই কান্না পাওয়া।
- যে কাজ বা মানুষ আগে ভালো লাগত, এখন আর টানে না।
- ভোরবেলা ঘুম ভেঙে যাওয়া, অথবা খুব বেশি ঘুমানো।
- সবসময় ক্লান্ত, শরীর ভারী, কাজে হাত লাগাতে ইচ্ছা করে না।
- খিদে কমে যাওয়া বা বেড়ে যাওয়া, ওজনে পরিবর্তন।
- মন বসাতে না পারা, ছোট সিদ্ধান্তেও দ্বিধা।
- নিজেকে অপদার্থ বা অন্যের বোঝা মনে হওয়া, অকারণ অপরাধবোধ।
- মাথা, গা-হাত-পা ব্যথা, যার কারণ পরীক্ষায় ধরা পড়ে না।
কারা বেশি ঝুঁকিতে
পরিবারে কারো ডিপ্রেশন থাকলে, দীর্ঘদিনের মানসিক চাপ, প্রিয়জনকে হারানো, সম্পর্ক বা আর্থিক সমস্যা, থাইরয়েড, ডায়াবেটিস বা হার্টের মতো দীর্ঘস্থায়ী অসুখ, সন্তান জন্মের পরের সময়, এবং মদ বা নেশার দ্রব্য ব্যবহারে ঝুঁকি বাড়ে। প্রায়ই ডিপ্রেশনের সঙ্গে উদ্বেগও থাকে। মন খারাপের পর্বের মাঝে কখনো অস্বাভাবিক উৎফুল্ল ভাব এলে সেটা বাইপোলার ডিসঅর্ডার হতে পারে।
সুস্থ হওয়ার পথ
- কথা বলে চিকিৎসা (সাইকোথেরাপি): সিবিটি-র মতো পদ্ধতিতে নেতিবাচক চিন্তার ধরন চিনে বদলানো আর ধীরে ধীরে আবার ভালো লাগার কাজে ফেরা।
- ওষুধ: এসসিটালোপ্রাম, সারট্রালিন বা ফ্লুওক্সেটিন-এর মতো অ্যান্টিডিপ্রেস্যান্ট সাধারণত কয়েক সপ্তাহে কাজ শুরু করে। এগুলোয় নেশা হয় না, তবে চিকিৎসকের কথা মতোই বন্ধ করতে হয়।
- রোজকার অভ্যাস: নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ওঠা, সকালের রোদে হাঁটা, মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, মদ থেকে দূরে থাকা।
- শারীরিক পরীক্ষা: প্রয়োজনে থাইরয়েড, রক্তাল্পতা বা ভিটামিনের ঘাটতি দেখে নেওয়া।
দেরি না করে দেখান যদি
- দু’সপ্তাহের বেশি মন ভার থাকে এবং রোজকার কাজে অসুবিধা হয়।
- খাওয়াদাওয়া প্রায় বন্ধ, কাজে যেতে পারছেন না, সবার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন।
- মন ভালো করতে মদ বা ঘুমের ওষুধের দিকে ঝুঁকছেন।
- বেঁচে থাকতে ইচ্ছা না করলে এখনই টেলি-মানস ১৪৪১৬ (বিনামূল্যে, ২৪ ঘণ্টা) বা ১১২-এ ফোন করুন।
নিজের অবস্থা বুঝতে বাংলায় PHQ-9 প্রশ্নাবলী পূরণ করে দেখতে পারেন।
অনেকে যা জানতে চান
ডিপ্রেশন কি মনের জোর দিয়ে কাটিয়ে ওঠা যায়?
ডিপ্রেশনে মস্তিষ্কের কাজে সত্যিকারের পরিবর্তন হয়। তাই শুধু "মন শক্ত করো" বলে লাভ হয় না, যেমন জ্বর শুধু ইচ্ছাশক্তিতে কমে না। সঠিক চিকিৎসা দরকার।
অ্যান্টিডিপ্রেস্যান্ট কি সারাজীবন খেতে হয়?
বেশিরভাগ মানুষ সুস্থ হওয়ার পর আরও ছয় মাস থেকে এক বছর খান, তারপর ধীরে ধীরে কমানো হয়। বারবার ডিপ্রেশন হলে চিকিৎসক দীর্ঘ সময়ের পরামর্শ দিতে পারেন।
General health information, not a diagnosis or a substitute for seeing a doctor. If you are thinking of harming yourself, call Tele-MANAS 14416 (free, 24×7) or 112 now.এই লেখাটি সাধারণ স্বাস্থ্য-তথ্য, রোগনির্ণয় বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। নিজের ক্ষতি করার চিন্তা এলে এখনই টেলি-মানস ১৪৪১৬ (বিনামূল্যে, ২৪ ঘণ্টা) বা ১১২-এ ফোন করুন।यह लेख सामान्य स्वास्थ्य जानकारी है, निदान या डॉक्टर की सलाह का विकल्प नहीं। ख़ुद को नुकसान पहुँचाने के विचार आएँ तो अभी टेली-मानस 14416 (मुफ़्त, 24×7) या 112 पर कॉल करें।