This article is in Bengali.এই লেখাটি বাংলায়।यह लेख बांग्ला में है। Also available in:অন্য ভাষায়:अन्य भाषाओं में: English · हिंदी
স্কিজোফ্রেনিয়া এমন এক মানসিক অসুখ যেখানে মস্তিষ্ক চিন্তা, অনুভূতি আর বাস্তবকে বোঝার ক্ষেত্রে গোলমাল করে ফেলে। মানুষটি এমন কিছু শোনেন, বিশ্বাস করেন বা অনুভব করেন যা আশেপাশের কেউ করেন না। এটা "দ্বৈত ব্যক্তিত্ব" নয়, ভূতে ধরা বা তুকতাকও নয়। সাধারণত কৈশোরের শেষ থেকে তিরিশের শুরুর মধ্যে প্রথম দেখা দেয়, এবং সময়মতো চিকিৎসায় সেরে ওঠার সত্যিকারের সম্ভাবনা থাকে।
মূল কথা
- প্রধান উপসর্গ: গায়েবি আওয়াজ শোনা, অটল ভুল বিশ্বাস, এলোমেলো চিন্তা, উদ্যম হারানো।
- জিনগত প্রবণতা ও পরিবেশের মিলিত প্রভাবে হয়; কারো দোষে নয়।
- ওষুধ, পরিবারের সহযোগিতা ও পুনর্বাসন একসঙ্গে সবচেয়ে কাজ করে।
- প্রথম পর্বের পর যত দ্রুত চিকিৎসা শুরু হয়, দীর্ঘমেয়াদে ফল তত ভালো।
উপসর্গ
- হ্যালুসিনেশন: সবচেয়ে বেশি কানে আওয়াজ শোনা, যা মন্তব্য করে, গালাগাল দেয় বা আদেশ দেয়।
- ডিলিউশন: কেউ খাবারে বিষ মেশাচ্ছে, পিছু নিচ্ছে, টিভি বা মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে, এমন অটল বিশ্বাস।
- এলোমেলো কথা ও আচরণ: প্রশ্নের সঙ্গে উত্তরের মিল নেই, অদ্ভুত আচরণ।
- উদ্যম হারানো: ঘর থেকে না বেরোনো, স্নান-খাওয়ায় অবহেলা, কথা ও আবেগ কমে যাওয়া।
- চিন্তাশক্তির সমস্যা: মনোযোগ, স্মৃতি ও পরিকল্পনায় অসুবিধা।
অসুখ শুরুর আগের ইঙ্গিত
অনেক পরিবার পরে মনে করতে পারেন, কয়েক মাস ধরে ধীরে ধীরে বদল এসেছিল: পড়াশোনা বা কাজে আগ্রহ চলে যাওয়া, ঘরে দরজা বন্ধ করে থাকা, রাতে না ঘুমানো, অকারণ সন্দেহ, একা একা কথা বলা বা হাসা। গাঁজা বা অন্য নেশার দ্রব্য কারো কারো ক্ষেত্রে এই অসুখ ডেকে আনতে বা বাড়িয়ে দিতে পারে।
চিকিৎসা
- অ্যান্টিসাইকোটিক ওষুধ: রিসপেরিডন, ওলানজাপিন, অ্যারিপিপ্রাজোল ইত্যাদি আওয়াজ ও ভুল বিশ্বাস কমায় এবং অসুখ ফেরা আটকায়। রোজ ট্যাবলেট খাওয়া কঠিন হলে কয়েক সপ্তাহ অন্তর ইঞ্জেকশনের ব্যবস্থাও আছে।
- পরিবারকে বোঝানো ও প্রশিক্ষণ: অসুখ ফেরার ঝুঁকি ও বাড়ির অশান্তি কমায়।
- পুনর্বাসন: রুটিন, কাজের দক্ষতা ও মেলামেশা আবার গড়ে তোলা।
- শারীরিক স্বাস্থ্যের খেয়াল: ওজন, সুগার, কোলেস্টেরলের নিয়মিত পরীক্ষা।
তখনই সাহায্য নিন যদি
- মানুষটি আওয়াজ বা ভুল বিশ্বাসের বশে কাজ করছেন, খাওয়া-জল বন্ধ করেছেন বা একেবারে ঘুমোচ্ছেন না।
- নিজের বা অন্যের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছে। জরুরি অবস্থায় ১১২ বা টেলি-মানস ১৪৪১৬।
দেখুন ডাঃ নস্করের ভিডিও: স্কিজোফ্রেনিয়া কী? ও কারণ ও চিকিৎসা।
অনেকে যা জানতে চান
বিয়ে দিলে কি অসুখ সেরে যাবে?
না। বিয়ে কোনো চিকিৎসা নয়, বরং চিকিৎসা ছাড়া বিয়েতে দুই পরিবারের কষ্ট বাড়ে। আগে অসুখ নিয়ন্ত্রণে আনা দরকার, তারপর সব কিছু খোলাখুলি জানিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।
ভালো হয়ে গেছে, ওষুধ কি এবার বন্ধ করা যায়?
নিজে থেকে হঠাৎ বন্ধ করলে অসুখ ফেরার ঝুঁকি অনেক। কমাতে হলে চিকিৎসকের পরিকল্পনা মতো ধীরে ধীরে।
General health information, not a diagnosis or a substitute for seeing a doctor. If you are thinking of harming yourself, call Tele-MANAS 14416 (free, 24×7) or 112 now.এই লেখাটি সাধারণ স্বাস্থ্য-তথ্য, রোগনির্ণয় বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। নিজের ক্ষতি করার চিন্তা এলে এখনই টেলি-মানস ১৪৪১৬ (বিনামূল্যে, ২৪ ঘণ্টা) বা ১১২-এ ফোন করুন।यह लेख सामान्य स्वास्थ्य जानकारी है, निदान या डॉक्टर की सलाह का विकल्प नहीं। ख़ुद को नुकसान पहुँचाने के विचार आएँ तो अभी टेली-मानस 14416 (मुफ़्त, 24×7) या 112 पर कॉल करें।